সকালে নিখোঁজ শিশু রাতে চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার
Printed Edition
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাছাবান্দা সাহপাড়া এলাকায় দুই বছর বয়সী শিশু আয়শা খাতুনের লাশ নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রাতে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটির চোখ উপড়ে ফেলা ও শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা একে হত্যাকাণ্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবার বাড়ির আশপাশে খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোনো সন্ধান পায়নি। রাত ১০টার দিকে লাশ উদ্ধারের পর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আলমগীর হোসেন।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম ও চিলমারী মডেল থানার ওসি। আশরাফুল আলম বলেন, ‘মামলার তদন্ত চলছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে।’
এ ঘটনার ন্যায়বিচার ও জড়িতদের কঠিন শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।