বার্লিনে আন্তর্জাতিক সম্মেলন
সুদানে সঙ্কট নিরসনে ১১০ কোটি পাউন্ড অর্থ সহায়তার প্রতিশ্রুতি
Printed Edition
দ্য গার্ডিয়ান
তিন বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের জন্য ১০০ কোটি পাউন্ডের (প্রায় ১.১৩ বিলিয়ন পাউন্ড) বেশি অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। গত বুধবার বার্লিনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে দাতা দেশগুলো এই বিশাল অঙ্কের সহায়তার অঙ্গীকার করে, যা আয়োজকদের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
জার্মানিতে অনুষ্ঠিত এই সম্মেলনে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুদানের রেকর্ড ভঙ্গকারী মানবিক সঙ্কট মোকাবেলা এবং দেশটিকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর পথ খোঁজা হয়। সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল ঘোষণা করেন যে, দাতারা মোট ১.৩ বিলিয়ন ইউরো (১১৩ কোটি পাউন্ড) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে সুদানের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ অর্থাৎ প্রায় তিন কোটি ৪০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, সুদানে ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ, পদ্ধতিগত যৌন সহিংসতা এবং চরম মানবিক বিপর্যয় ঘটছে। গুতেরেসের মতে, কেবল অর্থ সাহায্য দিয়ে এই সঙ্কটের সমাধান সম্ভব নয়, বরং দেশটিতে অবিলম্বে সঙ্ঘাত বন্ধ হওয়া প্রয়োজন।
জার্মান সরকার এই সম্মেলনের জন্য এক বিলিয়ন ডলারের একটি প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে দাতাদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে। এই অর্থ মূলত সুদানের ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন জোগানো এবং ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ব্যয় করা হবে।