ঢাবিতে পদার্থবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এই সম্মেলন আয়োজন করেছে।
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ড. মো: শৌকত আকবরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহসভাপতি অধ্যাপক ড. এ কে এম আকতার হুসাইন স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা দেব অনুষ্ঠান সঞ্চালন করেন।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সঙ্কট মোকাবেলায় পদার্থবিজ্ঞানীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষক হিসেবে গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি ও উন্নত গবেষণার পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক জ্ঞানকে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরো জোরদার করতে হবে। উন্নত গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।