প্রথমবারের মতো রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে এই ভেনুতে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে হবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। ২০, ২২ ও ২৫ এপ্রিল তিনটি ওয়ানডেই রাজশাহীতে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর সিলেট আন্তজাতিক স্টেডিয়ামে ২৮, ৩০ এপ্রিল ও ২ মে তিনটি টি-২০ শুরু হবে বেলা দেড়টায়।

অবশেষে আজ আন্তর্জাতিক ডেব্যু হতে যাচ্ছে রাজশাহী স্টেডিয়ামের। নারী-পুরুষ মিলিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এই ভেনুতে। এর আগে বিভিন্ন সময় রাজশাহীতে ম্যাচ হলেও সেগুলো ছিল বয়সভিত্তিক। সিরিজ শুরুর আগে আজ লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর সাথে ট্রফি উন্মোচন করেছেন নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল এর আগে চার ওয়ানডে ও ১৩ টি-২০ খেলেছে। তবে বাংলাদেশে এসে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে লঙ্কান নারী ক্রিকেটাররা। ১২ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে ১২ দলের নারী টি-২০ বিশ্বকাপ। জ্যোতির লক্ষ্য, লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবেন।

সিরিজের প্রথম ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা ভালো একটা প্রস্তুতি হবে। অতীতে বিশ্বকাপের আগে আমরা আন্তর্জাতিক সিরিজ সেভাবে পাইনি। এবার পাচ্ছি। নিজেদের প্রস্তুতির জন্য এটা দলের জন্য বড় সুযোগ। নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই দলটা দিয়েছেন। যেসব ক্রিকেটাররা সামনে টি-২০ বিশ্বকাপ খেলবেন, তাদের নিজেদের ঝালিয়ে নেয়ার একটা সুযোগ। রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এখানকার উইকেট অনেক ভালো। আবহাওয়াও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে।’

এই সিরিজ জিততে উন্মুখ হয়ে আছেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু। ‘এই মাঠে কখনো খেলিনি। আন্তর্জাতিক ভেনু না হলেও সবকিছু অনেক ভালো। সিরিজের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপ। মাঠটা ব্যাটারদের সুবিধা দিতে পারে। তাই আমরা সিরিজটা জিততে চেষ্টা করব। বাংলাদেশও তাদের দেশের মাঠে ভালো করার চেষ্টা করবে।’