আবেগে ভাসছেন তারকারা

রেকর্ড ভেঙে বিদায় নিচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

Printed Edition

বিনোদন প্রতিবেদক

দর্শকপ্রিয়তার সব রেকর্ড ওলটপালট করে দিয়ে মাত্র ৫২ পর্বেই ইতি টানছে দেশের আলোচিত পারিবারিক ড্রামা সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ পর্বের শুটিং শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগঘন পরিবেশে সিরিজটির সমাপ্তি ঘোষণা করেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এর কলাকুশলীরা। গত বছরের ৫ নভেম্বর চ্যানেল আইয়ে প্রচার শুরু হওয়া এই সিরিজটি ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে প্রকাশের পর থেকেই অভূতপূর্ব সাড়া পায়। মাত্র ২৪ ঘণ্টায় এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে এটি নতুন ইতিহাস গড়েছে। পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে দেশীয় সংস্কৃতির আবহে নির্মিত এই নাটকটি ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা; এই চারটি মূল চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সংবাদ সম্মেলনে শিল্পীরা তাদের সাত মাসের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেন। ফাহাদ চরিত্রের অভিনয় করা ইরফান সাজ্জাদ বলেন, রাজ ভাই বলেছিলেন এটি তার স্বপ্নের কাজ। আজ সিরিজটি শেষ হওয়ার মুহূর্তে ভীষণ খারাপ লাগছে। পরিচালক সঠিক ছিলেন; এটি সাধারণ কোনো নাটক নয়, দেশের অন্যতম সেরা কাজ হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মেহরীন চরিত্রে অভিনয় করা কেয়া পায়েল বলেন, আমি সবসময় এমন একটি কাজ করতে চেয়েছি যা আমাকে আজীবন দর্শকদের মাঝে বাঁচিয়ে রাখবে। এই সিরিজটি করার পর মনে হচ্ছে, আজ যদি অভিনয় ছেড়েও দেই, আমার কোনো আক্ষেপ থাকবে না। আলোচিত এই নাটকে সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তিনি বলেন, মানুষ এখন আমাকে আমার নিজের নামে নয়, সামির নামে চেনে। সাত মাস আমরা একটি পরিবারের মতো ছিলাম। দর্শকদের ভালোবাসায় আমি অভিভূত। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম সায়রা। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, সায়রা চরিত্রটি এতটা জনপ্রিয়তা পাবে তা ভাবিনি। কাজের ফাঁকে হৈ-হুল্লোড় আর ভালো কাজের তাড়না সব মিলিয়ে এটি আমার ক্যারিয়ারের সেরা একটি প্যাকেজ। মনিরা আক্তার মিঠু বলেন, সিএনজি চালক থেকে শুরু করে উচ্চবিত্ত সমাজ সবখানেই এই নাটকের জয়জয়কার। একজন মা হিসেবে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। দীপা খন্দকার বলেন, আমার ২০ বছরের ক্যারিয়ারে কোনো ধারাবাহিক নাটকের জন্য দর্শকদের এতটা উন্মুখ হয়ে অপেক্ষা করতে আগে দেখিনি। দর্শক যে সুস্থ পারিবারিক গল্পই দেখতে চায়, এই সিরিজ তার প্রমাণ। ইন্তেখাব দিনার বলেন, কলকাতায় গিয়েও আমি এই নাটকের চরিত্রের নামে (ফুফা) ডাক শুনেছি। ওপার বাংলায়ও এর জনপ্রিয়তা আকাশচুম্বী। রাজকে ধন্যবাদ এমন একটি চরিত্র উপহার দেয়ার জন্য। অনুষ্ঠানে নাটকের টাইটেল গানটি খালি গলায় গেয়ে শোনান আরফিন রুমি ও দোলা রহমান। মাহমুদ মানজুরের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রুমি নিজেই।