নারায়ণগঞ্জ-৩ আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল তিন লাখ ৪০ হাজার ৬১৬। এর মধ্যে সাত হাজার ৭৬৪ ভোট বাতিল হয়। বৈধ ভোট ছিল তিন লাখ ৩২ হাজার ৮৫২। জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৪২ হাজার ৫৭৭ ভোট।

জামানত হারানোদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী আন্দোলনের গোলাম মসিহ, খেলাফত মজলিসের শাহজাহান শিবলীসহ অন্যরা।

এ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান এক লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। ব্যবধান ২০ হাজার ৪৮২ ভোট। জেলা প্রশাসন জানিয়েছে, বিধি অনুযায়ী নির্ধারিত ভোট না পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।