অনূর্ধ্ব-১৯ দলের কাছে ২৩ দলের হার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের শেষ ওভারে গিয়ে জয় পেয়েছে টাইগার যুবারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা আদ্রিতোও ফিরেছেন একই ওভারে। এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগেই থেমেছেন (৪০)। চারে নেমে আহসান আল মুমিন ৩৭, ফারহান সাদিক ২৯, আল রাফি রান করেন। ৮২ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকা অনিকের ওপর ভর করে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ উইকেট নেন শেখ পারভেজ জীবন। ২টি করে উইকেট নেন আজিজুল হাকিম এবং আহরার আমিন পিয়ান। ১ উইকেট নেন মাহফুজুর রাব্বি।
জবাব দিতে অনূর্ধ্ব-২৩ দলের খালিদ ২৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরেন। আবরার ২৬, তামিম ২৮, কালাম সিদ্দিকী অলিন ৩২, আহরার ২৫ ও রিজান ৪৪ রান করেন। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি (১৬) চেষ্টা চালিয়েছেন। তবে শেষরক্ষা হয়নি। শেষ ওভারে দরকার ছিল ৬ রান, হাতে ছিল ১ উইকেট। প্রথম বল হয় ডট, পরের বলে ১ রান, তৃতীয় বলেই উইকেট। ২২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪ উইকেট নেন আবদুর রহিম। ২টি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম। ১টি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক।