সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

Printed Edition

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি অসুস্থতা বোধ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শাহিন আকতার জানান, এ খবর পেয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে ১০টার ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে অসুস্থ মন্ত্রীকে দেখতে যান। এ সময় তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে বেলা ৩টা ৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে অসুস্থ ত্রাণমন্ত্রীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।