ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
Printed Edition
ইসরাইলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সাথে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবর থেকে এই তথ্য জানা গেছে। আনাদোলু জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরাইলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুসালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে।
দেশটির আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের পরিপ্রেক্ষিতে আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়বে এবং পরিস্থিতি আরো জটিল হতে পারে। অন্য দিকে রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ১১ হাজার ৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।
এ দিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুসালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরাইল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ শুক্রবার বা আগামীকাল শনিবার বৃষ্টিপাতের আগে পর্যন্ত আগুন জ্বলতে পারে।
বুধবার প্রথমে মোশাভ তারুমের কাছে শুরু হয়। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওনসহ আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরাইলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট ৩৮ বন্ধ করে দিয়েছে।
ইসরাইলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ইসরাইলি বিমানবাহিনী ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।