ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও পরিবেশ
Printed Edition
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হলদীগ্রামের চাঁন মেম্বারের বাড়ির সামনে অবস্থিত রঞ্জনা ঝোড়া থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রলি ও ভ্যান গাড়ির মাধ্যমে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে ঝোড়ার তীর ভেঙে পড়ছে এবং আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, অব্যাহত বালু উত্তোলনের কারণে ঝোড়ার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে কয়েক শ’ একর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে দাবি করেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ঝোড়ার তীর সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে।