শরীয়তপুরের ৩ আসনেই বিএনপির জয় গণভোটেও ‘হ্যাঁ’ এগিয়ে
Printed Edition
শরীয়তপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফল ঘোষণা হলে জেলা সদর থেকে চরাঞ্চল পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির সাঈদ আহমেদ ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী পান ৬২ হাজার ৭১৭ ভোট; ব্যবধান ১৪ হাজার ৬৮১।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপির সফিকুর রহমান (কিরণ) এক লাখ ২৯ হাজার ৮১৪ ভোট পেয়ে জয়ী হন। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এক লাখ সাত হাজার ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতে ইসলামীর প্রার্থীকে তিনি ৩৭ হাজার ৮৩২ ভোটে হারান।
এ দিকে সংসদীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জেলায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে তিন লাখ এক হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট দুই লাখ ১০ হাজার ৭৭৫টি।
ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার তিন আসনে একই দলের জয় স্থানীয় সাংগঠনিক সক্ষমতা ও ভোটার সমর্থনের প্রতিফলন।