রাজধানীতে সড়কে প্রাণ গেল ৩ জনের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে কাভার্ডভ্যানটি ওই পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।
এ দিকে রাজধানীর রমনা থানার মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) এবং সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)। গতকাল ভোরে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াসিন নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তা ছাড়া নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
নিহতদের পরিবার জানায়, বুধবার রাতে ইয়াসিন তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে তারা সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার খবর পান। হাসপাতালে গিয়ে ইয়াসিনকে মৃত অবস্থায় পেয়েছেন। অন্য দিকে ভোরে নয়ন তালুকদার সিএনজি নিয়ে বের হয়েছিলেন। পরে সড়ক দুর্ঘটনায় মারা যান।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হন এবং একজন আহত হন। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।