গুলশানে ‘গোপন বৈঠক’ আ’ লীগের ৬ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে একটি শপিংমলের ফুড কোর্টে ‘গোপন বৈঠকের’ অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেয়া ছয়জন হলেন- মো: মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো: নান্নু মিয়া (৩৮), মো: আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো: ইব্রাহিম হোসেন (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার গুলশান-১ এলাকায় পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের পঞ্চম তলার ফুড কোর্টে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠকে বসেন। পুলিশের অভিযোগ, সেখানে নির্বাচিত সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করা এবং নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছিল।
এজাহারে আরো বলা হয়, গুলশান থানা এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে গোপন তৎপরতা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।