গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশে বিরাজমান তীব্র জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১২ ফেব্র“য়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা করছে। ‘গণভোটে ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। এই রায় রক্ষায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারি অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সরকার কার্যকর পদক্ষেপ না নেয়ায় যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে, তার দায়ভার তাদেরকেই নিতে হবে।

বিবৃতিতে নাগরিক অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ। ১১ এপ্রিল সব মহানগরীতে বিক্ষোভ। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ। ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার।

কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এই বিবৃতিতে গোলাম পরওয়ার সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং সাধারণ জনগণকে রাজপথে নেমে এসে ঘোষিত কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানান।