তদন্ত প্রতিবেদন পেয়ে সড়ক উপদেষ্টা
মেট্রোরেল দুর্ঘটনায় নাশকতার প্রমাণ মেলেনি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকা এবং নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার করার কারণে সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তদন্ত কমিটির সদস্যরা এই দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান। এর আগে তার কাছে তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেন। সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেট এলাকায়। এসময় নিচে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।
সড়ক ও সেতু উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮ শতাংশ (স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফার্মগেট মেট্রোরেল স্টেশনটির উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত জানিয়ে উপদেষ্টা বলেন, ভায়াডাক্টের অ্যালাইনমেন্টের সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ড ব্যবহার করা হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রোরেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে। কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালাইসিস দিয়েই কার্ড অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। মুহাম্মদ ফাওজুল কবির খান আরো বলেন, কমিটি ট্রেন চলাকালীন পরিচালিত কম্পন পরিমাপে বিচ্যুত বিয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ারগুলোয় (পিয়ার নং-৪৩০ ও পিয়ার নং-৪৩৩) অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি লক্ষ করেছে। কার্ড অ্যালাইনমেন্টে নকশায় সম্ভাব্য ত্রুটির কারণে এ অংশে অযাচিত পার্শ্ববল এবং সংশ্লিষ্ট কম্পনের উদ্ভব হচ্ছে, যার সাথে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। কমিটির সুপারিশগুলো তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ড অ্যালাইনমেন্টের সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেজন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। যার কার্যক্রম ডিএমটিসিএল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেনডেন্ট কনসালট্যান্ট দিয়ে বিস্তারিত অ্যানালাইসিসের মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান ছাড়াও সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো: জাহিদুল ইসলাম, বুয়েটের সিভিল ইঞ্জিনিযারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত উপস্থিত ছিলেন।