চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবেন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমুদ্রগামী জাহাজে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনীতিতে রেমিট্যান্সের জোগান দিতে তারা দেশের দূত হিসেবে কাজ করবেন।

মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই)’র ২৮তম প্রি-সি রেটিংসদের শিক্ষা সমাপনী পাসিং আউটে প্রধান অতিথির বক্ততৃায় এসব কথা বলেন।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয় বরং জ্ঞান অর্জন এবং শারীরিক ও মানসিক বিকাশ সাধনের একটি পরিপূর্ণ স্তর হচ্ছে শিক্ষা। এ প্রতিষ্ঠান থেকে হাতে-কলমে অর্জিত জ্ঞান দ্বারা নাবিকরা সমুদ্রগামী জাহাজ চলাচল, জাহাজ ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনের আধুনিক পথিকৃত হিসেবে নিজেকে তুলে ধরবেন। তাদের আন্তরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সমুদ্র পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ উন্নত বিশ^কে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি উত্তরোত্তর সামনে এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কুচকাওয়াজ পরিবদর্শন করেন। প্রশিক্ষণের বিভিন্ন ট্রেডে ভালো ফলাফল করায় তিনি কয়েকজন নতুন নাবিককে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এদের মধ্যে ইঞ্জিন বিভাগের রাব্বি ইসলাম কানন অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করায় গোল্ড মেডেল অর্জন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে মন্ত্রী বিভিন্ন শিপিং কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত পুরস্কার শ্রেষ্ঠ নাবিকদের হাতে তুলে দেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক মো: শফিউল বারী, ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেকসহ সামরিক ও বেসামরিক ব্যক্তি, দেশী-বিদেশী জাহাজ মালিক, প্রতিনিধি, শিপিং এজেন্ট ও নতুন নাবিকদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।