পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নুরুল আমিনের মতবিনিময়
Printed Edition
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মো: নুরুল আমিনের সাথে পীরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মো: মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মওলানা মো: নুরুল আমিন। এ সময় তিনি পীরগঞ্জের সামগ্রিক উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে দলীয় অবস্থান তুলে ধরেন।
মওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জ উপজেলায় বিদ্যমান প্রাকৃতিক সম্পদ- বিশেষ করে কয়লা ও লৌহ খনি সঠিকভাবে উত্তোলন ও ব্যবস্থাপনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তিনি বলেন, এসব সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খাইরুল আযম বিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মো: মেজবা উল হক। মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।