দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা লাখো মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিদ্যুৎ, যোগাযোগ ও বিশুদ্ধ পানির সঙ্কটে দিন কাটছে অসংখ্য পরিবারের। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, নষ্ট হয়েছে সবজি ও বীজতলা। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। এমন দুর্যোগে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামর্থ্যবান প্রত্যেক নাগরিককে মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শিশুখাদ্য, পোশাক কিংবা সামান্য আর্থিক সহায়তাও একটি অসহায় পরিবারের জন্য বড় আশীর্বাদ হতে পারে।
আসুন, আমরা ভেদাভেদ ভুলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। আমাদের সম্মিলিত সহমর্মিতা ও সহযোগিতাই পারে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এবং নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার শক্তি জোগাতে।
লিয়াকত হোসেন লিংকন
রামদিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ।