মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ এলাকায় ভূমি ও গৃহহীনদের জন্য নির্মাণ করা ‘মুন্নু আবাসন প্রকল্পের’ ঘর গত ২৩ বছরেও মেরামত করা হয়নি। এগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় ইতোমধ্যে অর্ধশতাধিক পরিবার ঘর ফেলে চলে গেছে। বাকি পরিবারগুলো অন্যত্র যাওয়ার কোনো জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে। অভিযোগ রয়েছে, আবাসন প্রকল্পটি তৎকালীন সংসদ সদস্যের নাম থাকায় গত সরকারের আমলে এক টাকাও বরাদ্দ দেয়া হয়নি। এসব তথ্য জানা গেছে একটি সহযোগী দৈনিকের মানিকগঞ্জ প্রতিনিধির প্রকাশিত প্রতিবেদন থেকে।

জেলার সাটুরিয়া উপজেলায় ২০০২ সালে বরাইদ ইউনিয়নের বরাইদ গ্রামে ১ দশমিক ৬৫ একর জমির ওপর সরকারি অর্থায়নে আশ্রয়ণ প্রকল্পটি চালু করা হয়। সে সময় স্থানীয় সংসদ সদস্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করেন। প্রকল্পে টিনের তৈরি ১০টি করে ছোট কক্ষের ঘরের সাতটি দৃষ্টিনন্দিত সারি রয়েছে। ভূমিহীন পরিবারকে একেকটি কক্ষ বরাদ্দ দেয়া হয়। বিশুদ্ধ পানির জন্য প্রতিটি সারির বাসিন্দাদের একটি করে টিউবওয়েল এবং প্রতি পাঁচটি পরিবারের জন্য দু’টি শৌচাগার ও গোসলখানা নির্মাণ করে দেয়া হয়। এ ছাড়া রয়েছে আবাসনের বাসিন্দাদের ছেলেমেয়েদের সুন্দরভাবে বিয়ে বা যেকোনো অনুষ্ঠানের কমিউনিটি সেন্টার।

বাসিন্দারা বলছেন, বেশির ভাগ ঘরের চালা ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলে ঘরগুলোয় পানি ঢোকে, বিছানা ভিজে যায়। টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও বাধ্য হয়ে আবাসনে বসবাস করছেন তারা।

নির্মাণের প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও আবাসনের ঘরগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে বেশির ভাগ ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মরিচা ধরে চালা ভেঙে পড়ে গেছে। ঘর ব্যবহার না হওয়ায় আগাছায় ভরে গেছে চারপাশ। দুর্গন্ধময় ও অপরিচ্ছন্ন পরিবেশ, তবুও নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা। বর্তমানে আবাসনের ১৮টি পরিবারের পানির অবলম্বন তিনটি নলকূপ। মাঝে মধ্যে সেগুলো নষ্ট হলে নিজেদের উদ্যোগে মেরামত করতে হয়। এমনিতে তারা ভূমিহীন। কোনো রকমে চলে তাদের সংসার। তার ওপর আবার আবাসন মেরামত করে টিকে থাকা- এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘মুন্নু আবাসন প্রকল্পের বেশির ভাগ ঘর জরাজীর্ণ অবস্থায় আছে। এ আবাসনের বাসিন্দাদের জন্য ঘরগুলো মেরামত করা খুব প্রয়োজন।’ সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ‘আবাসন প্রকল্পটি অনেক বছর আগে হওয়ায় তা জরাজীর্ণ হয়ে গেছে। দ্রুত প্রকল্পটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কিছু টিন ও টাকা বরাদ্দ দিয়ে ঘর মেরামত করে দেবো।’

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার এক নিকৃষ্টতম দৃষ্টান্ত সাটুরিয়ার ‘মুন্নু আবাসন প্রকল্প’। প্রকল্পটিতে শুধু বিএনপির স্থানীয় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর নাম থাকায় কোনোরকম রক্ষণাবেক্ষণ করা হয়নি। অথচ এ সময়ে সারা দেশে অনেক আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে। এখন সময় এসেছে সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের দিকে নজর দেয়ার।

প্রকল্পের বাসিন্দাদের মতো আমাদেরও প্রত্যাশা, স্থানীয় প্রশাসন প্রকল্পের ঘরগুলো মেরামত ও সুপেয় পানির জন্য নলকূপ প্রদানসহ সেখানে বাসোপযোগী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।