অভিবাসন নীতিকে কেন্দ্র করে বিরোধের জেরে নেদারল্যান্ডসের কট্টর ডানপন্থী নেতা ‘ডাচ ট্রাম্প’ হিসেবে পরিচিত গির্ট উইল্ডারস মঙ্গলবার জোট সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এতে জোট সরকার ভেঙে পড়ায় দেশটি রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে এবং নতুন নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে।
দ্য হেগ থেকে এএফপি জানায়, উইল্ডারসের এ সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন কয়েক সপ্তাহ পর নেদারল্যান্ডসে একটি ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিতে এক অনিশ্চিত পরিস্থিতির সূচনা হয়েছে।
২০২৩ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে সহজ জয় পাওয়া উইল্ডারসের দল পিভিভি (ফ্রিডম পার্টি) অভিবাসন নীতির কড়াকড়ির প্রতিশ্রুতি দিয়ে সরকারে যোগ দিয়েছিল। কিন্তু সে নীতির বাস্তবায়নে ধীরগতির কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মঙ্গলবার মন্ত্রিসভা থেকে নিজ দলের সদস্যদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন।
জোট সরকারের চার দলের মধ্যে অভিবাসন নীতির ওপর আপসের চেষ্টা চললেও শেষ পর্যন্ত ফল আসেনি। চারদলীয় জোট রক্ষায় শেষ মুহূর্তের এক উত্তপ্ত বৈঠকের পর উইল্ডারস সাংবাদিকদের জানান, ‘আমার ধৈর্য ফুরিয়ে গেছে।’ তিনি তার মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করে নেয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না বলে জানান।
তিনি বলেন, ‘আমি কঠোরতম আশ্রয়নীতি বাস্তবায়নের জন্য সই করেছিলাম, নেদারল্যান্ডস ধ্বংস করার জন্য নয়।’
প্রধানমন্ত্রী ডিক স্কোফ উইল্ডারসের সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয় ও দায়িত্বহীন’ আখ্যা দিয়ে বলেন, তিনি রাজা উইলেম-আলেকজান্ডারের কাছে পিভিভির মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেবেন।
তিনি বলেন, ‘যতক্ষণ না একটি নতুন মন্ত্রিসভা গঠিত হয়, আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব। কেননা নেদারল্যান্ডস ও বৈশ্বিক জীবন তো থেমে থাকবে না।’
উইল্ডারস এর আগে জোটসঙ্গীদের সাথে ‘কঠোরতম অভিবাসন নীতি’ বাস্তবায়নে সম্মত হলেও সম্প্রতি তিনি অভিযোগ করেন, এ নীতির বাস্তবায়ন খুব ধীরগতিতে হচ্ছে।
১৮ মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে ইউরোপজুড়ে আলোড়ন তোলা নিরঙ্কুশ জয়ের পর এখনো জরিপে পিভিভিই সবচেয়ে শক্তিশালী দল। তবে ইউরোপীয় কমিশনের সাবেক সহ-সভাপতি ফ্রান্স টিমারমান্সের নেতৃত্বাধীন গ্রিন/লেফট দল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
দেশটির প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত উদারপন্থী ভিভিডি পার্টিও শীর্ষ দুই দলের কাছাকাছি রয়েছে, ফলে সম্ভাব্য নতুন নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিতে পারে।
সূত্র : বাসস