পানামা খালের জন্য নতুন একটি জলাধার নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে সোমবার পানামা সিটিতে প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন করতে হলে কয়েকটি এলাকার বাসিন্দাদের পুনর্বাসন করতে হবে।

পানামা খাল কর্তৃপক্ষ খালের পশ্চিমে ইন্ডিও নদীর ওপর একটি জলাধার নির্মাণের পরিকল্পনা করেছে। এর উদ্দেশ্য হলো নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা এবং খরার কারণে খালের কার্যক্রমে যেন কোনো ঝুঁকি না তৈরি হয়, তা নিশ্চিত করা। বর্তমানে কৃত্রিম হ্রদে সংরক্ষিত পানি ব্যবহার করে খালটি পরিচালিত হয়।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ প্রকল্পের ফলে ওই এলাকায় বসবাসকারী প্রায় দুই হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। আগামী বছর থেকে তাদের পুনর্বাসন শুরু হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের সময় দেশটির সুপ্রিম কোর্টের সামনে আন্দোলনের নেতা মারিসেল সানচেজ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে একটি বিবৃতি পাঠ করে বলেন, ‘আমরা বেঁচে থাকি বা মারা যাই, তারা আমাদের সেখান থেকে সরাতে পারবে না।’

জলাধার নির্মাণের প্রাথমিক কাজ শুরু করার জন্য প্রথম পুনর্বাসন করা হবে এল লিমোন দে চাগ্রেস শহরের বাসিন্দাদের। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এলাকার কবরস্থানগুলোও বন্ধ করে দিতে হবে।

আইনজীবী ত্রিস্তান সান্তানদের এএফপিকে জানান, লাশ উত্তোলন ও অন্যত্র স্থানান্তরের সরকারি নির্দেশ বাতিলের দাবিতে আদালতে একটি আবেদন করা হয়েছে। বাসস