২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। তারপরই ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৪ বছরের পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থাৎ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে মোদি তার ২০১১ সালের পোস্টে তাহাউরকে নির্দোষ ঘোষণা করার এবং ভারতের সার্বভৌমত্বকে অসম্মানিত করার অভিযোগ তুলে আগের কংগ্রেস সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করেছিলেন। তাহাব্বুরকে ভারতে প্রত্যার্পণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন নেটিজেনরা।
এই মামলায় ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত তাহাউরকে হামলার ষড়যন্ত্রে সরাসরি সাহায্য করার অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তবে হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন করার জন্য তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মুম্বাই হামলায় তাহাউর রানাকে নির্দোষ ঘোষণার পরেই ভারতের সার্বভৌমত্বকে অপমান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোদি। একইসঙ্গে তিনি এটিকে ‘পররাষ্ট্র নীতির বড় বিপর্যয়’ বলেও উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ বিমানে করে গতকাল সন্ধ্যায় দিল্লিতে আনা হয় হয় তাহাব্বুরকে। তাকে ১৮ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর আগে পাকিস্তান সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। সেই হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ২৬/১১ হামলার ষড়যন্ত্রে রানার জড়িত থাকার কথা সামনে আনেন তার শৈশবের বন্ধু এবং মামলার একজন প্রধান অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলি।
সূত্র : হিন্দুস্তান টাইমস