অনলাইনে ধর্ম অবমাননামূলক কন্টেন্ট পোস্ট করার অভিযোগে পাকিস্তানের একটি আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন একজন প্রসিকিউশন আইনজীবী।
বেসরকারি সংগঠন লিগ্যাল কমিশন অন ব্লাসফেমি পাকিস্তান মামলাটি আদালতে দায়ের করে। সংগঠনটির আইনজীবী রাও আবদুর রহিম জানান, পবিত্র নবী (সা.) সম্পর্কে অবমাননাকর তথ্য ছড়ানোর দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কুরআন অবমাননার অভিযোগে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন আফগানি ও চারজন পাকিস্তানি নাগরিক। মঙ্গলবার, রাওয়ালপিন্ডির একটি আদালত এই রায় ঘোষণা করে।
আইনজীবী রহিম আরো বলেন, এই দণ্ডগুলো একসাথে কার্যকর হবে। তবে অভিযুক্তরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধর্ম অবমাননার মামলার সংখ্যা বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, বিভিন্ন সংগঠন অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে শত শত তরুণের বিরুদ্ধে মামলা করেছে। পাকিস্তানে এমন অভিযোগ খুব স্পর্শকাতর বিষয়। অনেক সময় অভিযোগ প্রমাণিত না হলেও জনরোষ তৈরি হয়, এমনকি গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
সূত্র : ডন ও অন্যান্য