ভারতের পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে পাকিস্তান সীমান্তে ঢুকে আটক হয়েছেন এক বিএসএফ জওয়ান। বুধবার দুপুরে তাকে আটক করে দেশটির রেঞ্জার্সের সদস্যরা।

সেনা সূত্রে খবর, আপাতত তাকে হেফাজতেই রাখা হয়েছে।

বুধবার একদিকে যখন পেহেলগাম নিয়ে ব্যস্ত সকলে। শক কাটাতে পারেননি দেশের অধিকাংশ মানুষ। তখন পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরোলেন বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং। তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেন। পরে রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে পাকিস্তানি সদস্যরা তাকে আটক করে ফেলে।

সেনা সূত্রে জানা গেছে, সিং ইউনিফর্মে ছিলেন। হাতে ছিল সার্ভিস রাইফেল। তিনি ছিলেন কয়েকজন কৃষকের সাথে। বিশ্রামের জন্য ছায়া খুঁজতে গিয়ে এ ঘটনা হয়।

এই ঘটনার পর ভারতীয় সেনা ও পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন, যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেয়া যায়। তাকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে।

ভুলবশত সেনা জওয়ান বা সাধারণ মানুষের সীমান্ত পেরনোর ঘটনা আগেও হয়েছে। প্রোটোকল অনুযায়ী, পতাকা বৈঠকের পর এমন সমস্যার সমাধান হয়। আটক করা হলেও ছেড়ে দেয়া হয়। তবে কাশ্মীরের পহেলগামে যেহেতু মঙ্গলবারই উগ্রবাদী হামলা হয়েছে, মৃত্যু হয়েছে ২৬ জনের। তাই নতুন করে চির ধরেছে ভারত-পাক সম্পর্কে। এখন সাধারণ রুটিন মেনে সমাধান হবে কিনা তা সময় বলবে।

সূত্র : দ্য ওয়াল