ভারতের ছত্তিশগড়ে সুকমা-দান্তেওয়াড়া সীমান্তবর্তী উপমপল্লি কেরলাপাল এলাকার জঙ্গলে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ জন মাওবাদী নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, কেরলাপাল থানার আওতাধীন একটি জঙ্গলে ভোরে গুলিবর্ষণ শুরু হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশালবিরোধী অভিযান চালাচ্ছিল।
কেরলাপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শুরু হওয়া এই অভিযানে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা অংশ নেন।
ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘এখন পর্যন্ত সংঘর্ষস্থল থেকে ১৬ জন মাওবাদী লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।’ অভিযানের সময় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদ নির্মূল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি অস্ত্রধারীদের সহিংসতার পরিবর্তে শান্তি ও উন্নয়নকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন।
চলতি ফেব্রুয়ারির শুরুতে ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে বন্দুকযুদ্ধে ৩১ জন মাওবাদী এবং দুইজন নিরাপত্তা কর্মী নিহত হন।
সূত্র : হিন্দুস্তান টাইমস