ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো দর কষাকষি করা যাবে না। এই সপ্তাহের শেষে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।
তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার ওমানে ইরান ও আমেরিকার দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি সফল না হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, মঙ্গলবার শীর্ষ মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ বলেছিলেন, ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের অবশ্যই ‘পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বাতিল’ করতে হবে। উইটকফের করা এক মন্তব্যের জবাবে আরাঘচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কথা বলেন।
আরাঘচি বলেন, ‘আমরা উইটকফের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য শুনেছি। তবে আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে।’
তিনি বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত। তবে সমৃদ্ধকরণের নীতি নিয়ে কোনো রকমের ছাড় দেয়া হবে না।’
গত সপ্তাহে ওমানে মার্কিন-ইরান আলোচনাকে উভয়পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছে।
পশ্চিমা শক্তিগুলো বলছে, ইরান ইউরেনিয়ামকে এমন একটি উচ্চমাত্রায় সমৃদ্ধ করছে, যা শুধু শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচি নয় বরং পারমাণবিক বোমার জন্য উপযোগী স্তরের কাছাকাছি। তবে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে বুধবার ইরানের সংবাদমাধ্যম সূত্র উল্লেখ না করে জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। এর আগে ঘোষণা করা হয়েছিল, আলোচনা পুনরায় ওমানে শুরু হবে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র : রয়টার্স