ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের একটি বন্দরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো ৭৫০ জন।
রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার সূত্রে এ তথ্য জানিয়েছে ইউএনবি।
বন্দর আব্বাসে চীনের কনস্যুলেট জেনারেলের মতে, বিস্ফোরণে তিনজন চীনা নাগরিক সামান্য আহত হয়েছেন। চিকিৎসার পর তারা এখন সুস্থ রয়েছেন।
বিস্ফোরণ ও সৃষ্ট বায়ু দূষণের কারণে রোববার শহরের সব শিক্ষাকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাসের গভর্নর আহমেদ পুয়াফার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সিকে জানান, বন্দরের একটি কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষ করার আগে ঘটনার কারণ সম্পর্কে ‘তাড়াহুড়ো করে অনুমান’ না করতে সতর্ক করেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত যা নিশ্চিত হওয়া গেছে, তা হলো বন্দরের এক কোণে সম্ভবত রাসায়নিক পদার্থ ভর্তি কন্টেইনার ছিল।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানায়, দ্রুত প্রতিক্রিয়া ও উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বন্দরের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আহতদের সংখ্যা আরো বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি বিস্ফোরণের তদন্তের পাশাপাশি ঘটনার কারণ খুঁজে বের করতে নির্দেশ দেন।
তিনি আরো বলেন, আহতদের অবস্থা পর্যবেক্ষণ করাসহ প্রয়োজনীয় সমন্বয় করতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনিকে প্রদেশে পাঠানো হয়েছে।
এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
আল-সুদানির মিডিয়া অফিসের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল-শাম্মারিকে তার ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সমন্বয় করে ঘটনাটি মূল্যায়ন ও তাৎক্ষণিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।