কানাডা ও মেক্সিকোর নাগরিকদের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পক্ষপাতী এবং এখন অনেকেই দেশটিকে আর মিত্র নয়, বরং ‘শত্রু’ হিসেবে দেখছেন। শনিবার প্রকাশিত ‘দ্য থ্রি অ্যামিগোস সার্ভে’ নামের একটি জরিপে এই চিত্র দেখা গেছে।

জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তারা বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য মার্কিন জনগণকে নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। জরিপ অনুসারে, ৬৪ শতাংশ কানাডিয়ান ও ৫৯ শতাংশ মেক্সিকান এমনটাই মনে করেন।

তবে এই ভিন্নমত থাকা সত্ত্বেও ৪৩ শতাংশ কানাডিয়ান ও ৩৫ শতাংশ মেক্সিকান যুক্তরাষ্ট্রকে এখন ‘শত্রু দেশ’ হিসেবে বিবেচনা করছেন।

শুল্কসংক্রান্ত বিষয়ে ৮৭ শতাংশ কানাডিয়ান এবং ৮৪ শতাংশ মেক্সিকান মনে করেন, যুক্তরাষ্ট্রে রফতানির ওপর শুল্ক আরোপ তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও শুল্ক নিয়ে বিভক্ত মতামত পোষণ করেছেন। ৫২ শতাংশ মনে করেন, এসব শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। অপরদিকে ২৯ শতাংশ মনে করেন, এতে ইতিবাচক প্রভাব পড়বে।

জরিপে কানাডার আসন্ন ফেডারেল নির্বাচন সম্পর্কেও মন্তব্য উঠে এসেছে। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও তার লিবারেল পার্টি আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হবেন বলে অধিকাংশ উত্তরদাতা মনে করছেন।

জরিপে বলা হয়েছে, ‘রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, প্রায় অর্ধেক (৪৬ শতাংশ) কানাডিয়ান বিশ্বাস করেন লিবারেল পার্টি নির্বাচনে বিজয়ী হবে ‘

বর্তমানে, ৪৪ শতাংশ কানাডিয়ান জানিয়েছেন, আজই যদি নির্বাচন হতো, তারা লিবারেল পার্টিকে ভোট দিতেন। অন্যদিকে, কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভরের দলকে ভোট দেওয়ার কথা বলেছেন ৩৮শতাংশ।

অর্থনৈতিক ইস্যু নিয়ে এই জরিপটি ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিচালিত হয় কানাডা ও যুক্তরাষ্ট্রে। এতে অংশ নেন যথাক্রমে ১,৬২৮ জন কানাডিয়ান এবং ১,০১৩ জন মার্কিন নাগরিক। পাশাপাশি, ২৬ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত মেক্সিকোতে জরিপে অংশ নেন ১,০০৩ জন, যাঁদের বয়স ছিল ১৮ বা তার বেশি।

সূত্র : আনাদোলু এজেন্সি