মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল টিমোথি হফকে বরখাস্ত করেছে। হাফের পাশাপাশি সরিয়ে দেয়া হয়েছে সংস্থাটির উপ-পরিচালককেও। সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির সদস্য এবং বিষয়টির সাথে পরিচিত দুই সাবেক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জেনারেল হফ মার্কিন সাইবার কমান্ডের নেতৃত্বেও ছিলেন। এটি মার্কিন সেনাবাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সাইবার ইউনিট। তাকে বরখাস্ত করা মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন। সাবেক কর্মকর্তা ও আইন প্রণেতাদের মতে, এনএসএ-তে হাফের ডেপুটি ওয়েন্ডি নোবেলকেও বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে, সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার ও প্রতিনিধি জিম হাইমস ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এই ভূমিকায় দায়িত্ব পালনকারী হফকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন।
হফ ও নোবেলকে কেন বরখাস্ত করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ওই দুই সাবেক কর্মকর্তা জানান, অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও সাইবার কমান্ডের ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যানের কমান্ড ও এনএসএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে।
এ বিষয়ে সাইবার কমান্ড ও এনএসএ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরক্ষা সচিবের কার্যালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
এনএসএ মার্কিন সরকারের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে একটি। এর কোড ব্রেকার ও কম্পিউটার অপারেটিভরা সারা বিশ্বে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। সাইবার স্পেসে ক্রমবর্ধমান বিদেশী হুমকি মোকাবেলা করার জন্য এক দশকেরও বেশি সময় আগে সাইবার কমান্ড প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এটি যথেষ্ট পরিপক্ক হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে এনএসএ-তে থাকা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রেনি বার্টন এনএসএ পরিচালক টিমোথি হফের বহিষ্কারের খবরটিকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
এর আগে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মার্কিন নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফকে বরখাস্ত করার ঠিক কয়েক মুহূর্ত আগে ট্রাম্প শীর্ষ মার্কিন জেনারেলকে বরখাস্ত করেন।
সূত্র : সিএনএন