মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করেছেন। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট প্রকাশ করেছিলেন। তবে কার্যত সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে এমন তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই যেকোনো অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে।
যদিও যুক্তরাষ্ট্র এখনো মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সাথে বাণিজ্য বেশি করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।
তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করেছে। কারণ মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
এছাড়াও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ ও ‘বিরক্ত’।
শুধু রাশিয়া নয়, শুল্কের তালিকা থেকে বাদ পড়েছে বেলারুশ, কিউবা ও উত্তর কোরিয়া। এই দেশগুলোর ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। তবে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান ও সিরিয়ার ওপর যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
সূত্র : এএফপি/বাসস