মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি শিগগিরই ওষুধ আমদানির উপর ‘বড়’ শুল্ক ঘোষণা করবেন এবং এই পদক্ষেপের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে।
ট্রাম্প ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির নৈশভোজে বলেন, ‘আমরা খুব শিগগিরই ওষুধের ওপর একটি বড় শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা এটা করলে, ওষুধ কোম্পানিগুলো আমাদের দেশে তাড়াতাড়ি ফিরে আসবে কারণ আমরাই বড় বাজার। সবার থেকে আমাদের সুবিধা হলো আমরাই বড় বাজার।’
ওষুধ কোম্পানিগুলোর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘যখন তারা এটা শুনবে, তখন তারা চীন ছেড়ে চলে যাবে, তারা অন্য জায়গা ছেড়ে চলে যাবে। কারণ তাদের বিক্রি করতে হবে। তাদের বেশিভাগ পণ্য এখানে বিক্রি হয়।’
রিপাবলিকান এই প্রেসিডেন্ট আগের প্রশাসনগুলোকে অন্যায্য বাণিজ্য অনুশীলনের মাধ্যমে চীনকে যুক্তরাষ্ট্রের সুবিধা নিতে দেয়ার অভিযোগ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তার নেতৃত্বে আর এমনটা ঘটবে না। ট্রাম্প চীনকে ’অযৌক্তিক’ শুল্ক আরোপের জন্যও অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, অনেক দেশ বছরের পর বছর ধরে শুল্ক থেকে লাভবান হয়েছে এবং তার নিজের পদক্ষেপগুলো এখন অন্যায্য সমালোচনার সম্মুখীন হচ্ছে।
ট্রাম্প উল্লেখ করেছেন, চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক মধ্যরাত থেকে কার্যকর হবে এবং বেইজিং নতুন চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি