কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।

শনিবার উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ওই ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর কাই জি অ্যাডাম লো নামের ভ্যাঙ্কুভারের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ আনা হতে পারে বলে জানান পুলিশের কর্মকর্তারা।

কাই জি অ্যাডাম লোর বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেটি সেকেন্ড ডিগ্রি। পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে বলে জানান কর্মকর্তারা।

কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে ওই ঘটনার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় উগ্রবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।