পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে পড়ার পর প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও আরো অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩০ মে) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে ঘরবাড়ি ধসে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো প্রায় এক ডজন মানুষ। দেশটির নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি (এনএসইএমএ) এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রধান ইব্রাহিম হুসেইনি রয়টার্সকে বলেন, রাজ্যের দু’টি গ্রামে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।’

নাইজেরিয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি থাকে। এবারের বর্ষা এপ্রিল মাসে শুরু হয়েছে এবং শুরু থেকেই কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।