পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ব্যবহার করে গোপালগঞ্জে নিধন চালানো হচ্ছে বলে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। তাদের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে নিধন চালানো হচ্ছে।
কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি পুরোনো। এটি গত ফেব্রুয়ারিতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের ভিডিও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ। সূত্র : বাসস