দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একইসাথে রুপার দামও বাড়ানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবারও বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পায়। ফলে টানা দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছে। এর আগেও আবার দুই দফায় একই পরিমাণ অর্থ কমানো হয়েছিল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হবে।