জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় কমিশনার মো: জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো: আব্দুর রহমান খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউজ বন্ধ রাখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, মো: জাকির হোসেন ১৮ জুন দেয়া চিঠি অনুযায়ী রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ ও ২৮ জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য সকল দফতর খোলা রাখার নির্দেশ অমান্য করেন।
গত ২৮ ও ২৯ জুন শনিবার ও রোববার চট্টগ্রামের কাস্টম হাউজ বন্ধ রেখে আমদানি রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এনবিআর কর্মকর্তারা গত এক সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে শনিবার থেকে দেশের সব কাস্টম ও ভ্যাট দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু হয়।
গত রোববার ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। পরে রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়।
এরই মধ্যে বেশ কয়েকজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরু করেছে দুদক।