ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
রোববার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, ওই সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে।
আরো জানা গেছে, চট্টগ্রামের বহুল আলোচিত এস আলম গ্রুপ, নাবিল গ্রুপকে নিয়মবহির্ভূতভাবে সুবিধা দেয়া ও বিভিন্ন ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ায় মুনিরুল মওলার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ইসলামী ব্যাংক।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। দখলে সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও এক গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা। এরপর ইসলামী ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ। ওই সময় থেকে ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে ওঠেন মুনিরুল মওলা। এস আলম গ্রুপের সহায়তায় তাকে দ্রুততার সাথে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরে ২০২০ সালের ডিসেম্বরে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়।