খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ বৃহস্পতিবার ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন আলী ইমাম মজুমদার।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতিবিনিময় সভাটি হয়।

উপদেষ্টা বলেন, আসন্ন ঈদ উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।

রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যেন সঠিকভাবে বিতরণ করা হয়- সে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন উপদেষ্টা।

খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন তিনি।

সরকারের সুলভ এবং বিনামূল্যে দেয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর নিকট সঠিক পরিমাণে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন খাদ্য উপদেষ্টা।

এসময় খাদ্য সচিব মো: মাসুদুল হাসান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি