খুলনার কয়রায় ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে তার ওজন মেপে ও শারীরিক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: নাসির উদ্দীন বলেন, উদ্ধার করা কচ্ছপটি সুস্থ করে বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করেন। পরে সেটি উপস্থিত ব্যক্তিদের সামনে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।