কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে ঢাকাস্থ ইন্দোনেশীয় দূতাবাস।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।
রাষ্ট্রদূত আরো বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান তাহলে ঢাকাস্থ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের ওপর।
এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রফতানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনাকে ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরির্দশন করেন রাষ্ট্রদূত।
এসময় তার সাথে ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো: সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
সূত্র : বাসস