দেশে তিনটি নতুন টেকনোলজির রাডার সিস্টেম স্থাপন করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন।
তিনি বলেন, ‘আগামী ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ এ তিনটি রাডার সিস্টেম চালু হলে ঘুর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা সঙ্কেত জারিতে আবহাওয়া বিভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে প্রতিরক্ষা সচিব সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা প্রচারে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন। কর্মশালায় কক্সবাজারে কর্মরত গণমাধ্যমকর্মী ও আবহাওয়া বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিরক্ষা সচিব বলেন, ‘বাংলাদেশ সরকার প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা সঙ্কেত প্রচারে আরো আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, বজ্রপাত এবং পাহাড় ধ্বসের ঘটনায় কীভাবে আগাম সতর্ক সঙ্কেত জারি করা যায় সে বিষয়ে আবহাওয়া বিভাগ বিভিন্ন গবেষণা করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশের তিনটি রাডার স্টেশন অচল হয়ে আছে। যেহেতু এসব রাডার স্টেশনের যন্ত্রপাতির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই এ রাডার স্টেশনের যন্ত্রপাতি নতুন করে স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নতুন টেকনোলজিতে এই রাডার সিস্টেম স্থাপন করবে সরকার। আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে কক্সবাজার, পটুয়াখালী ও মৌলভীবাজারে রাডার সিস্টেম স্থাপনের কাজ শুরু হবে। এই রাডার সিস্টেম পুরো ৪০০ কিলোমিটারের বেশি এলাকা কাভার করবে।