‘জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে’ এমন দাবি জানিয়েছে দেশের রাজনৈতিক দলের আটটি যুব সংগঠন (ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যুব অধিকার পরিষদ, জাতীয় যুব শক্তি এনসিপি, এবি যুবপার্টি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, যুব আন্দোলন এনডিএম, ন্যাশনাল যুব মিশন, যুব অধিকার পার্টি-পিআরপি)। একইসাথে জুলাই সনদ ঘোষণার ছাড়া জাতীয় নির্বাচন না করার আহ্বান জানান এ নেতারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ জাগপার সাত দফা দাবি প্রেক্ষিত বিভিন্ন বন্ধুপ্রতীম যুব সংগঠনের সাথে মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।

‎নেতারা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদে কথিত ভারতপন্থীদের কারণে জুলাই সনদ ঘোষণা ও নির্বাচন নিয়ে দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি হচ্ছে।’

‎নেতারা আরো বলেন, ‘দেশের যুব সমাজ অতীতের সরকারগুলোর শাসনামলে ইশতেহারের নামে প্রতারিত হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে যুবকদের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে পদক্ষেপগুলোকে স্পষ্ট করতে হবে। যুবকরা মনে করে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার নির্বাচিত করতে হবে।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ওলীউল আনোয়ারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মুহাম্মদ ইলিয়াস হাসান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, মাওলানা নেছার উদ্দিন হুজাইফ, যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, দফতর সম্পাদক, মো: সবুজ সেরনিয়াবাদ, জাতীয় যুবশক্তি (এনসিপি) ১ নম্বর যুগ্ম সচিব নিশাত আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি আব্দুল্লাহ আশরাফ, প্রকাশনা সম্পাদক, শহিদুল ইসলাম পাপন, যুব আন্দোলন এনডিএম সভাপতি আদনান সানি, দফতর সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম, ন্যাশনাল যুব মিশন সমন্বয়ক শরিফুল ইসলাম, যুব অধিকার পার্টি (পিআরপি) সভাপতি মো: নজরুল ইসলাম সজীব, এবি যুব পার্টি দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, যুব জাগপা নেতা জনি নন্দী, মো: ডালিম প্রমুখ।