বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ঐক্য ছাড়া কোনো জাতি কোনো দিন অগ্রসর হতে পারে না। অতীতে যারা ক্ষমতায় বসেছে তাদের প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতির কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। রাজনৈতিক বিভাজনের মাধ্যমে আওয়ামী লীগ চেয়েছে বাকশাল কায়েম করে এদেশে রাজতন্ত্র কায়েম করতে। স্বাধীনতা পরবর্তী এদেশে ক্ষমতাসীন দলগুলোর কেউ বাকশাল, কেউ স্বৈরশাসন আবার কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে। এজন্য তারা বিরোধী দলমতকে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছিল। ৫ আগস্ট পরবর্তী জাতি আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। জাতি সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনগণের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতির পথ বন্ধ করবে। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা-৬ সংসদীয় এলাকার ধূপখোলা মাঠে ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, খেলাধুলা মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, মাদক মেধা বিকাশে বাধা সৃষ্টি করে। সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত যুবসমাজ তৈরির জন্য খেলাধুলার বিকল্প নাই। অথচ বিগত সরকারগুলোর দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে যুবসমাজের উন্নয়নে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থাকলেও এর কার্যক্রম মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয় না। যুব উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে। বাস্তবে যুব সমাজের কোনো উন্নয়ন হয়নি। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত করে সমাজের প্রত্যন্ত অঞ্চলে এর পরিধি বিস্তর করবে। যুবকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই যুবসমাজকে রাষ্ট্রের সম্পদে রূপান্তর করে একটি উন্নত ও শাক্তিশালী জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে।
তিনি উপস্থিত যুবসমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত এক নিরাপদ ও বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, যুব সমাজের জন্য আমাদের বার্তা আমরা মাদককে ‘না’ বলতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে যুবসমাজকেই ভূমিকা রাখতে হবে।
সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। আর তাদেরকে নেতৃত্বের গুণে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল কোতোয়ালি স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ দল কবি নজরুল কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এদিকে হাজী এনায়েত উল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে সম্পন্ন হয়। কামরাঙ্গীরচর পূর্ব থানা বনাম বংশাল দক্ষিণ থানার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বংশাল দক্ষিণ থানা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে কম্পিউটার এবং রানার্স আপ টিমকে একটি ফ্রিজ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোন সহকারী পরিচালক আহসান উল্লাহ, লালবাগ-কামরাঙ্গীরচর জোন সহকারী পরিচালক ড. শামীমুল বারী, বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুর রহমান, চকবাজার দক্ষিণ থানা আমির আনিসুর রহমান, লালবাগ পশ্চিম থানা আমির আব্দুল ওহাব। এ ছাড়াও বংশাল, চকবাজার, লালবাগ এবং কামরাঙ্গীরচর থানার আমির-সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে শান্তিপুর ও গোড়ান বাজার এলাকাবাসীকে নিয়ে এক উঠান বৈঠক শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী মজলিশে শূরা ও খিলগাঁও জোনের টীম সদস্য এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান, মহানগরী সহকারী মিডিয়া সম্পাদক, খিলগাঁও দক্ষিণ থানার সাবেক আমির আশরাফুল আলম ইমন, মহানগরী মজলিশে শূরার সদস্য ও থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম হোসেন খান, থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ যথাক্রমে জহিরুল হক সেলিম, মাহমুদ হাসান, ইসহাক মিয়া, আবিদুর রহমান ও সাইফুল ইসলাম সরোয়ারসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।