সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মনিরুজ্জামানকে সাময়িকভাবে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা মো: মনিরুজ্জামান ঢাকার সড়ক ভবনের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
নতুন আদেশে তাকে সাময়িকভাবে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলি।
আদেশের অনুলিপি সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ১৪টি দফতরে পাঠানো হয়েছে। বাসস