ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, মানবিক ঢাকা-১৭ গড়তে আমরা বদ্ধপরিকর।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তির বাস্তুহারা অসহায় ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকা-১৭ আসনের মধ্যে ভাষানটেক বস্তিসহ আরো দুটি বস্তি রয়েছে। যেখানে মানুষ একই রুমে ছেলে-মেয়েসহ মানবেতর জীবনযাপন করে। ঘরগুলো খুবই নিম্নমানের। বৃষ্টির সময় পানি পড়ার কারণে ঘরগুলো বসবাসের অনুপোযোগী হয়ে পড়ে।

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামান বলেন, সমাজে যারা প্রতিবন্ধী, তারা সমাজের বোঝা নয়। তারা সমাজেরই অংশ। পরিকল্পিতভাবে তাদেরকে কাজে লাগাতে পারলে, তারাও জাতির সম্পদ হিসেবে পরিগণিত হবে।

জামায়াত ক্ষমতায় গেলে বস্তি এলাকার মানুষকে উচ্ছেদ না করে, তাদের জন্য সরকারিভাবে গৃহায়ণ প্রকল্প হাতে নেয়া হবে। প্রতিবন্ধীদেরকে প্রশিক্ষিত করে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হবে। যার মাধ্যমে সকল মানুষ মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। তিনি মানবিক ঢাকা-১৭ গড়তে সকল দল-মত নির্বিশেষে সকলের সমর্থন প্রত্যাশা করেন।

ঢেউটিন বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা জামায়াতের আমির আব্দুস সাকী, ঢাকা-১৭ আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল। সভাপতিত্ব করেন ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীব, সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইকবাল হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ভাষানটেক থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, মাওলানা মাহতাব হুসাইন, সোলিম রেজা, আলী হুসাইন প্রমুখ।