জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন করে স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথ চলা এবং দেশ গড়ার দিকনির্দেশিকা। সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে। আইনি ভিত্তি না থাকলে যেকোনো দল ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাঙ্গারি দোকানের পুরাতন বাতিল কাগজের মতো।
বৃহস্পতিবার (২ অক্টোবার) সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে জাগপা’র সাতটি দাবি তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জাগপা উত্থাপিত সাতটি দাবি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।
রাশেদ প্রধান বলেন, ‘আমরা চাই না, একজন ভোটারের দেয়া মহামূল্যবান ভোট নষ্ট হোক। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোট কাজে লাগবে।’
জাগপা মুখপাত্র বলেন, ‘হাসিনাকে ফেরত আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’