ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

‘সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের স্তম্ভ এবং সভ্যতার মাপকাঠি’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘রাজনীতিক এবং সাংবাদিকরা যৌথভাবে রাষ্ট্রকে সচল রাখতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে পারে আবার অপসাংবাদিকতা দেশকে গভীর সংকটে ফেলতে পারে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে জাতি দেখেছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু ফ্যাসিস্টদের ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য পাশের দেশ এবং স্বৈরাচারের দোসররা অপচেষ্টা করে যাচ্ছে। বর্তমান সরকারের সাড়ে সাতমাসে জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় দেশ ও দেশের স্বার্থ রক্ষার্থে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

বিগত ফ্যাসিস্ট সরকারের সাংবাদিকদের উপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘তারা সাংবাদিকদের সত্য কথা লিখতে দেয়নি। হামলা মামলা দিয়ে কণ্ঠরোধ করেছিল।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।

সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জি এম আব্দুস সালাম (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন আকুঞ্জী (দৈনিক নয়া দিগন্ত), মাহবুবুর রহমান (সময়ের খবর), এম রুহুল আমীন (দৈনিক দিনকাল), এস এম জাহাঙ্গীর আলম (যায়যায়দিন) প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘তাকওয়ার জন্য আসা রমজানের রোজা রাখার মধ্য দিয়ে আমাদের আরো বেশি আত্মসংযমী হতে হবে। গোনাহ মাপের এই মাসে আমাদের বেশি বেশি ক্ষমা চাওয়া ও সর্বদা তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। দিনে সিয়াম পালন ও রাতে কিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে।’