কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে এবং এর আগে নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানববন্ধনে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি-১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে যান অন্যথায় এদেশের ছাত্র-জনতা আবারো প্রতিরোধ গড়ে তুলবে।’

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, ‘গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণঅভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। মনোনয়ন বাণিজ্য হবে না। কমিশন বাণিজ্য চলবে না। দখলবাজ-চাঁদাবাজ থাকবে না।’

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমুখ।