হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অনতিবিলম্বে কোরআনবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদ সংবিধানে রাখার সুপারিশ বাতিল করতে হবে। একইসাথে নারী কমিশনের মধ্যে নাস্তিক্যবাদের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আগামী দিনে গোটা দেশে ঈমানী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। যেকোনো পরিস্থিতি তৈরি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায় বহন করতে হবে।’
শনিবার (২৬ এপ্রিল) নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়ায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ৩ মে হেফাজতে ইসলাম সেনবাগ উপজেলার উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি।
এ সময় আরো বক্তব্য দেন মাওলানা ইসমাইল ছিদ্দিকী, মাওলানা ইউছুফ মাদানি, মাওলানা আব্দুল কাইউম মামুন, মাওলানা কারী আবদুল হান্নান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কবির, মাওলানা শরিফ উল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাইল সিরাজী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী প্রমুখ।
বক্তারা ৯২ ভাগ মুসলমানের এ বাংলাদেশে সংবিধানে এক আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করার কথা জানান।