হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা বশিরুদ্দীন।
এ সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে আল্লামা বশিরুদ্দীনকে প্রধান উপদেষ্টা, হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারকে সভাপতি, মাওলানা রশীদ আহমাদকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা ইসমাঈল নূরপুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যশিষ্ট নরসিংদী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা আলী আহমাদ আল হুসাইনী, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মজিবুর রহমানসহ নরসিংদী জেলার শীর্ষ নেতারা।
সভায় উপস্থিত নেতারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, যা মেনে নেয়ার মতো নয়। আমরা অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।’
তারা আরো বলেন, ‘আগামী ৩ মে রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট সকল মামলা প্রত্যাহার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী খুনী হাসিনা সরকারের বিচারের দাবিতে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য আমরা দেশবাসী, আলেমসমাজ এবং তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’